গাবতলী ৭ বছরের শিশু কে যৌন নির্যাতন

Last Updated: July 2, 2026By

বগুড়া গাবতলীতে ৭ বছরের শিশুকে অটোতে যৌন নিপীড়ন

বগুড়ার গাবতলী মডেল থানা এলাকায় এক ৭ বছরের শিশু কন্যাকে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে যৌন নিপীড়ন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন, যা পরবর্তীতে মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে মামলা দায়েরের পর বেশ কিছু সময় পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

মামলার অভিযুক্ত আসামির নাম শ্রী সীমান্ত (৪৫)। তিনি গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত ফনির ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি সুখানপুকুর গ্রামে তার নানার বাড়িতে থেকে একটি স্থানীয় কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৮ জুন ২০২৬ তারিখ দুপুরে শিশুটি নানার বাড়ি থেকে সুখানপুকুর রেল স্টেশনের নিকটে মায়ের ভাড়া বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সরল বিশ্বাসে সে পরিচিত অটোরিকশাচালক সীমান্তের গাড়িতে ওঠে।

দুপুর অনুমান ২:০৫ ঘটিকার সময় অটোরিকশাটি সুখানপুকুর রেল ঘুন্টির সামনে পাকা রাস্তায় পৌঁছালে, চালক সীমান্ত শিশুটিকে তার দাদার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ফুসলিয়ে মহিষবাথান গ্রামের পূর্ব মাথার একটি ফাঁকা রাস্তায় নিয়ে যায়। সেখানে দুপুর অনুমান ২:১৫ ঘটিকায় আসামি অটোরিকশাটি থামিয়ে কুমতলবে শিশুটিকে মোবাইলে বিভিন্ন আপত্তিকর ছবি দেখায়। একপর্যায়ে জোরপূর্বক শিশুটির পরনের জামা খুলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।

এ সময় শিশুটি লোকলজ্জা ও ভয়ে চিৎকার শুরু করলে চালক সীমান্ত তাকে মহিষবাথান গ্রামে তার শ্বশুর বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। একই সাথে বিষয়টি কাউকে জানালে তাকে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ের কারণে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও, পরদিন ২৯ জুন দুপুরে মায়ের ভাড়া বাসায় এসে মা ও বাবা সহ পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত খুলে বলে। পরবর্তীতে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করেন।

এই বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিব জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামি পলাতক রয়েছে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

latest video

Mail Icon

news via inbox

Nulla turp dis cursus. Integer liberos  euismod pretium faucibua

Leave A Comment